ছবি : প্রতিদিনের কক্সবাজার
স্টাফ রিপোর্টার :
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হুদা মেম্বার দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
টানা দুইবার নির্বাচিত এই জনপ্রতিনিধি বিগত প্রায় এক দশক ধরে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লেদা এলাকাকে শান্তিপূর্ণ ও সামাজিকভাবে সুসংগঠিত রাখতে নুরুল হুদা মেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিচার-শালিসি বৈঠক থেকে শুরু করে সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি সবসময় সক্রিয় থাকেন। তার নেতৃত্বে এলাকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই নুরুল হুদা মাদক ব্যবসা, অপহরণ, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। ফলে অপরাধচক্রের একাধিক ষড়যন্ত্র ও বিরোধিতার মুখোমুখি হলেও জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় তিনি সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছেন।
এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, নুরুল হুদা মেম্বার একজন দক্ষ, সাহসী ও জনবান্ধব জনপ্রতিনিধি। অনেকেই মনে করেন, তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালনেরও যোগ্যতা রাখেন। তবে এলাকাবাসীর ভাষ্য, “নুরুল হুদা আমাদের সুখ-দুঃখের মানুষ। আমরা তাকে জনগণের সেবক হিসেবেই সবসময় পাশে চাই। তার বিকল্প কাউকে খুঁজে পাওয়া কঠিন।”
স্থানীয়রা আরও বলেন, “যতদিন বেঁচে থাকি, আমরা নুরুল হুদা মেম্বারকে বারবার নির্বাচিত করে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চাই। আগামী ইউপি নির্বাচনেও তাকে পুনরায় জয়যুক্ত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।”
নুরুল হুদা মেম্বার বলেন, “নির্বাচিত হওয়ার পর থেকেই কিছু প্রতিদ্বন্দ্বী ও অপরাধচক্র আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও জানান, ২০০৪ সালে তার বাবার হত্যাকাণ্ডের পর থেকেও একটি মহল বিরোধিতা চালিয়ে আসছে। তবুও স্থানীয় সচেতন জনগণ তার কর্মকাণ্ড মূল্যায়ন করেই তাকে বারবার নির্বাচিত করেছেন।
বর্তমানে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রভাবশালী মহলের কাছেও নুরুল হুদা মেম্বার আস্থার প্রতীক হিসেবে পরিচিত। তার জনসম্পৃক্ততা, সাহসী ভূমিকা এবং সেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।