ছবি : প্রতিদিনের কক্সবাজার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ৬ দিনব্যাপী “বাংলাদেশের আর্থসামাজিক মান উন্নয়নে কল্যাণ ট্রাস্টের ভূমিকা” শীর্ষক আলোচনায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং কক্সবাজার জেলার প্রতিনিধি চৌধুরী আ.জ.ম. খায়রুল বাশার (রনি) আলোচনায় অংশ নিয়ে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীরা কেবল ইতিহাসের অংশ নন, তাঁরা আগামীর বাংলাদেশের নৈতিক পথপ্রদর্শক। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করতে সরকারের আন্তরিক উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, দেশ বর্তমানে দেশি-বিদেশি নানা অপশক্তির ষড়যন্ত্রের মুখোমুখি। এ পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে ধারণ করে মানবসেবার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
আলোচনায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও পুনঃস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা ও স্মারকসমূহ যথাযথভাবে সংরক্ষণ এবং তদারকির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
এছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গবেষণা কার্যক্রম জেলা পর্যায়ে সম্প্রসারণের দাবি জানিয়ে বলা হয়, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
সভায় আরও বলা হয়, রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সমান গুরুত্ব দিয়ে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বেদখল ও অচল সম্পত্তি পুনরুদ্ধার করে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনার আহ্বান জানানো হয়।
বক্তারা সামাজিক দায়িত্ববোধ, আত্মসচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা আশাবাদ ব্যক্ত করেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করা গেলে এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ আরও সুদৃঢ় হবে।