ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে মানবপাচার ইস্যু নিয়ে নতুন করে জনমনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মানবপাচারের অভিযোগে বিভিন্ন সময়ে আলোচিত আন্তর্জাতিক মানবপাচারকারী পোয়া মাঝি বিএনপি নেতা ইসমাইলের আশ্রয়-প্রশ্রয়ে এখনও এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘পোয়া মাঝি’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবপাচার সংশ্লিষ্ট নানা অভিযোগ প্রচলিত রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিএনপি নেতা ইসমাইল মেম্বার ও অন্য প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় পাওয়ার কারণেই তিনি প্রকাশ্যে চলাফেরা করলেও আইনের আওতায় আসছেন না।
এদিকে, স্থানীয়রা বলেন বিএনপি নেতা ইসমাইলের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি বন্ধ না হলে মানবপাচারের মতো অপরাধ নির্মূল করা কঠিন হয়ে পড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “শাহপরীর দ্বীপের সাধারণ মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। মানবপাচার, মাদক এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে সমাজ থেকে এসব অপরাধ দূর হবে না।”
তবে বিএনপি নেতা ইসমাইলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য নিতে কল করা হলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একটা মহল ষড়যন্ত্র করে মানহানি করতেছে, পোয়া মাঝিকে নিজের বিয়াই বলেও জানান ইসমাইল মেম্বার।
স্থানীয় সচেতন মহল মনে করেন, মানবপাচারের মতো গুরুতর অপরাধের অভিযোগকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
মানবপাচারবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর ভূমিকা কামনা করে এলাকাবাসী বলেন, “অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই পারে সমাজে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে।”