ছবি : প্রতিদিনের কক্সবাজার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক নওশাবা মুকতার সিয়ামকে দলীয় ভাবমূর্তি ও সাংগঠনিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক শৃঙ্খলা কমিটি গত সোমবার (১ জুন) এই নোটিশ প্রদান করে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির নেত্রী পরিচয়ে নওশাবা মুকতার সিয়ামের একটি ভিডিও কল নিয়ে একাধিক বিতর্কিত সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ সাধারণ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং এর ফলে দলের সাংগঠনিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে সংগঠনটি।
এ বিষয়ে এনসিপির জেলা সাংগঠনিক শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মুহাম্মদ হোছাইনের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দলের একজন দায়িত্বশীল পদধারী হিসেবে তাঁর কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রত্যাশিত। কিন্তু সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির কারণে দলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে প্রাথমিকভাবে স্পষ্ট হয়েছে।প্রেরিত নোটিশে নওশাবা মুকতার সিয়ামকে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে বা ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।